বঙ্গবন্ধু-২ হবে লিও অথবা মিও স্যাটেলাইট

১৩ মে, ২০২০ ২৩:৫৫  
কোভিড-১৯ এর কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপনের কাজ পিছিয়ে গেলেও ২০২৩ সালের মধ্যেই এটি উৎক্ষেপন করা হবে বলে জানিয়েছেন  বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেল্যাইট-২ শুধু কমিউনিকেশন স্যাটেলাইট হবে না। এটি হাই সুপার স্যাটালাইট হবে। এইচডিএস বা ওয়েদার স্যাটেলাইট হতে পারে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যে শুধু জিও স্টেশন ভিত্তিক হবে, তা না। এটি স্থির না হয়ে সচল হবে। এটি লিও থেকে আরেকটি নিচের উচ্চতায় উৎক্ষেপন করা হতে পারে। কিংবা মিও হতে পারে- যোগ করেন তিনি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেয়া এক ভিডিও কনফারেন্সে তিনি জানিয়েছেন, আগামী ২/৩ মাসের মধ্যে দেশের সবগুলো ক্যাবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে। ইতোমধ্যেই বিটিআরসি একটি রেগুলেশন করেছে, যার মাধ্যমে বিদেশী স্যাটেলাইট ব্যবহারে সম্প্রচার করলে চার্জ বেশি হবে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে চার্জ কম পড়বে।